• হোম > জাতীয় > বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ জন

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ জন

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৫:২৬
  • ২৮

---

 

ইবি রিপোর্ট

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক। একই গবেষণাভিত্তিক মূল্যায়নে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও প্রথম অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে। গবেষকদের আন্তর্জাতিক গবেষণা কার্যক্রমের বিভিন্ন সূচক বিশ্লেষণ করে এ তালিকা তৈরি করা হয়েছে।

তালিকা তৈরির ক্ষেত্রে গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান ও প্রভাব মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে এ তালিকাকে বিবেচনা করা হয়।

২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পাওয়া শিক্ষক ও গবেষকেরা হলেন— মো. রাকিবুল হক (৪৬,১০৪), আবদুস সালাম (৫৩,৫০৩), মো. মাহবুবুর রহমান (৫৬,২৫৫), তসলিম উর রশিদ (৬৭,০৪৯), মুহাম্মদ ইব্রাহিম শাহ (৬৭,২৮০), এম. রেজাউল ইসলাম (৮৪,৪৮০), সুবর্ণ বড়ুয়া (৯৪,২০৭), নেপাল চন্দ্র রায় (১০১,৭৪৬), মো. কাওসার আহমেদ (১১২,৫৩১), সৈকত মিত্র (১২৪,২৯০), এম. এ. বি. এইচ. সুসান (১৪৭,১২১) এবং মোহাম্মদ মঈনুল ইসলাম (১৫৬,৬৭০)।

এ তালিকায় আরও রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান (১৫৮,৯০৮), শেখ মো. মাহমুদুল ইসলাম (১৯৮,৭০১), মো. আবদুস সালাম (২০৬,৯১৮), খন্দকার সামাহের সালেম (২৫২,৬৯৫), মোহাম্মদ ফেরদৌস (২৭০,৫২৩), মোহাম্মদ আব্দুল মতিন (৩০৭,১৩১), মো. আব্দুর রাজ্জাক (৩৫০,৬৯১), এ. এস. এম. মাকসুদ কামাল (৩৫৩,২৯৯), মো. আবদুর রশীদ (৩৯২,৫৩৬) এবং অর্ক জ্যোতি চক্রবর্তী (৭৪৩,৮৩৪)।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া আনন্দ ও গর্বের বিষয়। একই সঙ্গে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি গবেষণার মান ও আন্তর্জাতিক প্রভাবের প্রতিফলন। এ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকদের অভিনন্দন জানান তিনি।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকেরা দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের গবেষণা স্বীকৃতি পাচ্ছে। বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় তাঁদের অন্তর্ভুক্তি এর একটি দৃষ্টান্ত।

গবেষণার পরিধি ও মান আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান উপাচার্য। গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক গবেষক যেন আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, সে লক্ষ্যেও কাজ চলছে বলে জানান তিনি।

একই গবেষণাভিত্তিক মূল্যায়নে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে। দেশের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

তালিকায় বাংলাদেশের প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়, পঞ্চম বুয়েট, ষষ্ঠ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সপ্তম রুয়েট, অষ্টম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নবম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং দশম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19154 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 11:04:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh