![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে মোট ২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ পাওয়া যাচ্ছে। একই সঙ্গে একটি প্রকল্পে ২৭ লাখ ২০ হাজার ডলারের অনুদানও দেবে সংস্থাটি। এ বিষয়ে বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে দুটি ঋণচুক্তি এবং একটি অনুদান চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লা উপস্থিত ছিলেন।
সাশ্রয়ী আবাসনে ১০ কোটি ডলার
চুক্তির আওতায় প্রথম প্রকল্পটির নাম ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর জন্য এডিবি ১০ কোটি ডলার ঋণ দেবে।
প্রকল্পটির লক্ষ্য হলো নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী এবং জলবায়ু-সহনশীল আবাসন অর্থায়নের সুযোগ বাড়ানো। এর মাধ্যমে এ শ্রেণির পরিবারের আবাসন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অর্থায়নের পরিসর সম্প্রসারণ করা হবে।
পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন
দ্বিতীয় প্রকল্পের নাম ‘সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্ট’। এ প্রকল্পে এডিবি ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান দেবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর আওতায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
উভয় ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে ঋণ পরিশোধ করতে হবে। দ্বিতীয় প্রকল্পের অনুদান এডিবি পরিচালিত জাপান ফান্ড ফর প্রস্পেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর) থেকে দেওয়া হবে।
১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকেই এডিবি বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন অগ্রাধিকার খাতে সহায়তা দিয়ে আসছে। এ পর্যন্ত এডিবি বাংলাদেশকে ৩ হাজার ৬৬৯ কোটি ডলার ঋণ এবং ৬৩ কোটি ৬৫ লাখ ২০ হাজার ডলার অনুদান দিয়েছে।