• হোম > অর্থনীতি | জাতীয় | পুঁজিবাজার > সিডিবিএলের মোবাইল অ্যাপ আসছে চলতি অক্টোবরেই

সিডিবিএলের মোবাইল অ্যাপ আসছে চলতি অক্টোবরেই

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৪:৪৫
  • ২৫

---

ইবি রিপোর্ট

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সেবা আরও সহজ করতে মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা অ্যাপটি চলতি অক্টোবর মাসেই আনুষ্ঠানিকভাবে চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মোতালেব।

বুধবার (৭ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান। সিডিবিএল ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যৌথভাবে রাজধানীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার নাফিজ আল তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিএলের পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম। সেমিনারে সভাপতিত্ব করেন সিডিবিএলের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সমাপনী বক্তব্য দেন সিসিবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ. স. ম. খায়েরুজ্জামান।

অ্যাপে দেখা যাবে বিও হিসাবের তথ্য

সিডিবিএল এমডি জানান, নতুন অ্যাপটির মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের বিও হিসাবের বিস্তারিত তথ্য ও পোর্টফোলিও দেখতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন লেনদেনের তথ্য এবং প্রয়োজনীয় নোটিফিকেশনও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

বর্তমানে কোনো বিনিয়োগকারীর হিসাবে ডেবিট বা অন্য কোনো লেনদেন হলে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে তাকে জানানো হয়। নতুন অ্যাপেও একই ধরনের নোটিফিকেশন সুবিধা থাকবে। ফলে বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগসংক্রান্ত তথ্য সহজে ও দ্রুত জানতে পারবেন।

তথ্য নিরাপত্তায় প্রযুক্তি আধুনিকায়ন

বিনিয়োগকারীদের তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিডিবিএলের প্রযুক্তিগত অবকাঠামো আধুনিক করা হচ্ছে বলে জানান মো. আব্দুল মোতালেব। পুরোনো হার্ডওয়্যার ও প্রযুক্তি ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে।

বিও হিসাবের তথ্য নির্ভুল রাখতেও ব্রোকার ও ডিপিদের সঙ্গে সমন্বয় করছে সিডিবিএল। এ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের মোবাইল নম্বর, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হচ্ছে।

সিডিবিএল মনে করছে, তথ্য সঠিকভাবে সংরক্ষিত থাকলে লভ্যাংশ ও অন্যান্য সুবিধা প্রকৃত বিনিয়োগকারীর কাছে পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে তথ্যের ভুল ব্যবহার ও জালিয়াতির সুযোগও কমবে।

১৬ লাখ ৭০ হাজার বিও হিসাব

সিডিবিএল এমডির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ১৬ লাখ ৭০ হাজার বিও হিসাব রয়েছে। প্রায় ৫৬০টি ডিপির মাধ্যমে এসব হিসাবসংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রতিটি বিও হিসাবের বিপরীতে একজন বিনিয়োগকারী রয়েছেন, যিনি নিজের সঞ্চয় নিয়ে পুঁজিবাজারে এসেছেন। তাই তাঁদের সম্পদ ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সিডিবিএলের অন্যতম প্রধান দায়িত্ব।

এদিকে সিডিবিএলের একটি ডিজাস্টার রিকভারি (ডিআর) সাইট স্থাপনের কাজও চলছে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এটি চালু হতে পারে বলে জানান তিনি।

সেমিনারে বিনিয়োগকারীদের অনলাইন প্রতারণা ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিনিয়োগের আগে তথ্য যাচাই, ঝুঁকি বোঝা এবং বিনিয়োগে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সিডিবিএলের এমডি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19132 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 10:34:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh