![]()
ইবি রিপোর্ট
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ফিক্সড ইনকাম ওপেন এন্ড মিউচ্যুয়াল ফান্ড ‘ইউসিবি ইনকাম প্লাস ফান্ড’ ৫০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। ২০২৩ সালের জুলাইয়ে ৫০ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা ফান্ডটির আকার তিন বছর তিন মাসে বেড়ে ৫০০ কোটি টাকার বেশি হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, মাত্র তিন বছর তিন মাসে ফান্ডটির মূলধন ৫০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকার বেশি হওয়া বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।
গত ১৫ বছরে এই ধরনের মাইলফলকে পৌঁছানোর ক্ষেত্রে ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের এই অর্জনকে একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুরু থেকে ফান্ডটির আকার দশ গুণ বেড়েছে।
২০২০ সালে প্রতিষ্ঠিত ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট বর্তমানে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর একটি। প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা ইউসিবি ইনকাম প্লাস ফান্ড বেসরকারি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত দেশের সর্ববৃহৎ মিউচ্যুয়াল ফান্ড।
তবে আইসিবি পরিচালিত মাত্র দুটি ওপেন এন্ড ফান্ডের আকার ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের চেয়ে বেশি।
বিনিয়োগকারীদের আস্থাকে অর্জনের পেছনে অবদান
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে, এই মাইলফলক অর্জনের পেছনে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী, টিম, নিয়ন্ত্রক সংস্থা এবং সহকর্মী অ্যাসেট ম্যানেজারদের সম্মিলিত অবদান রয়েছে।
পরিবর্তনশীল সুদের হারের সময়ে মার্ক টু মার্কেট ভিত্তিতে ফিক্সড ইনকাম ফান্ড পরিচালনা করা ছিল একটি চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতেও বিনিয়োগকারীদের আস্থা ফান্ডটির পারফরম্যান্স ধরে রাখা এবং ধারাবাহিকভাবে বড় পরিসরে বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
ফান্ডটির মূলধন ৫০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকার বেশি হওয়ায় এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের কার্যক্রমও নতুন মাইলফলক অর্জন করেছে।
উদ্যাপনে উপস্থিত ছিলেন শীর্ষ কর্মকর্তারা
ফান্ডটির ৫০০ কোটি টাকার মাইলফলক উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসির চেয়ারম্যান শরীফ জহীর, ইউসিবি পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান নাবিল মুস্তাফিজুর রহমান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান।
এ সময় ইউসিবি পিএলসির সম্মানিত পরিচালকবৃন্দ ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।