• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > কিউ-ক্যাশের সেবা বিঘ্নে ব্যবস্থা নিল বাংলাদেশ ব্যাংক

কিউ-ক্যাশের সেবা বিঘ্নে ব্যবস্থা নিল বাংলাদেশ ব্যাংক

  • বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১৩:৪৪
  • ১৪

---

ইবি রিপোর্ট

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে কয়েকটি ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হওয়ায় আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ ও মাইগ্রেশন কার্যক্রম শুরু হয়। এর পর থেকে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম এবং এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন কার্যক্রমে বিঘ্ন দেখা দিয়েছে। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে সুইচিং ও কার্ড-সংশ্লিষ্ট সেবা পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিউ-ক্যাশের এই সমস্যার কারণে সব ধরনের ডিজিটাল লেনদেন বন্ধ হয়নি। এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন চালু রয়েছে।

বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য প্রধান পরিশোধ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। এর মধ্যে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACPS), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) কার্যক্রমে কোনো বিঘ্ন নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রয়োজন হলে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্যও গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে কয়েকটি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হলেও কেন্দ্রীয় ব্যাংক দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের লেনদেনের ধারাবাহিকতা এবং স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19060 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 09:56:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh