• হোম > অর্থনীতি | বাংলাদেশ | ব্যাংক > কিউ-ক্যাশের এটিএম-কার্ডসহ সব সেবা আবার সচল

কিউ-ক্যাশের এটিএম-কার্ডসহ সব সেবা আবার সচল

  • বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১৩:২৪
  • ৩০

---

 

ইবি রিপোর্ট

দুই দিন ধরে বিভিন্ন ব্যাংকের কার্ড ও লেনদেন সেবায় তৈরি হওয়া বিঘ্ন কাটিয়ে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সব সেবা আবার চালু হয়েছে। দেশের প্রায় ৩০টি ব্যাংকের এটিএম, কার্ড, পয়েন্ট অব সেল (পিওএস), এনপিএসবি, ই-কমার্স ও কিউআরসহ কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) ও একাধিক সেবাদানকারী বাণিজ্যিক ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। সেবা চালু থাকায় গ্রাহকরা আবার আগের মতো লেনদেন করতে পারবেন।’

এরপর রাত সাড়ে ১২টায় ব্যাংক এশিয়ার পক্ষ থেকেও গ্রাহকদের ক্ষুদে বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘আমাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স এবং কিউআর সেবাগুলো এখন পুরোপুরি সচল রয়েছে। আপনারা যথারীতি আপনাদের লেনদেন পুনরায় শুরু করতে পারেন।’

এর আগে গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে গ্রাহকদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়।

সেবা বন্ধ থাকার সময়ে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কয়েকটি আন্তঃব্যাংক লেনদেন সেবা ব্যবহার করা যায়নি। ওই সময় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয়েছিল, এসব সেবা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হবে।

তবে গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে বন্ধ থাকা সেবাগুলো দ্রুত সচল করার নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে ডেকে পাঠানো হয়।

এ বিষয়ে মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। এ কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকরা ভোগান্তির শিকার হন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থরক্ষায় বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করে দ্রুত কার্ডসংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুনরায় সচল হয়। ফলে সংশ্লিষ্ট ৩০টি ব্যাংকের গ্রাহকরা আবারও এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআরসহ বিভিন্ন লেনদেন সেবা আগের মতো ব্যবহার করতে পারছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/19046 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 09:41:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh