![]()
ইবি রিপোর্ট
দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, হুমকি, হয়রানি ও বাধার মুখে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। সংগঠনটি এসব ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও আইনসম্মত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। এর মধ্যে সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া হামলার ঘটনাটি উদ্বেগ তৈরি করেছে। ৪ অক্টোবরের ওই ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্পাদক পরিষদের ভাষ্য অনুযায়ী, সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করছিলেন।
সংগঠনটি বলেছে, কোনো সংবাদ, মতামত কিংবা সাংবাদিকের পেশাগত কর্মকাণ্ড নিয়ে কারও মতবিরোধ থাকতে পারে। তবে এ কারণে হামলা, হুমকি দেওয়া বা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার সুযোগ নেই। একজন সাংবাদিকের ওপর হামলা কেবল ব্যক্তির ওপর আক্রমণ নয়; এর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারও ক্ষতিগ্রস্ত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে সংগঠনটি বলেছে, তদন্ত হতে হবে নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণভিত্তিক। হামলায় জড়িতদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।
সাম্প্রতিক হামলা, হুমকি ও হয়রানির সব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। পাশাপাশি জড়িতদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে রাজনৈতিক কর্মসূচি, বিশ্ববিদ্যালয়, আদালত, প্রশাসনিক কার্যালয় ও জনসমাগমস্থলে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে পেশাগত কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।
রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসহ সব পক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়। একটি মুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজে এটি প্রয়োজনীয় শর্ত। ভয়, হুমকি ও সহিংসতার পরিবেশে স্বাধীন সাংবাদিকতা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
এ কারণে সাংবাদিকদের ওপর প্রতিটি হামলার ঘটনায় দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। এ বিষয়ে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।