![]()
ইবি রিপোর্ট
প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম কতটা কার্যকরভাবে চলছে, তা সরেজমিনে পর্যালোচনা ও পর্যবেক্ষণে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় যাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তা। নির্ধারিত এলাকায় গিয়ে প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি বিদ্যালয়ের কার্যক্রম দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গত ২৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে কর্মকর্তাদের নামের সঙ্গে তাদের জন্য নির্ধারিত উপজেলা ও থানার তালিকাও প্রকাশ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় মাঠপর্যায়ের পরিদর্শন শেষ করতে হবে।
অফিস আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন। অন্যদিকে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট উপজেলা ও থানার তালিকা নির্ধারণ করা হয়েছে। এসব এলাকার মধ্যে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন উপজেলা রয়েছে।
নির্দেশনা অনুসারে, নির্ধারিত এলাকায় যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের পরিচালকের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। পরে পরিচালকরা তাদের অধীন কর্মকর্তাদের পর্যায়ক্রমে মাঠপর্যায়ে যাওয়ার অনুমতি দেবেন।
উপবৃত্তি বিভাগের কর্মকর্তাদের জন্য পরিদর্শনের পরিধিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাদের ট্যুর ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা অফিস এবং ওই এলাকার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে নির্বাচিত বিদ্যালয়গুলোর মধ্যে একটি শহরের এবং দুটি গ্রামের হতে হবে।
নির্ধারিত বিদ্যালয় ও শিক্ষা অফিস পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে দুই দিন অবস্থান করতে হবে। এ সময় তারা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করবেন।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের জন্য দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি শহরের এবং অন্যটি গ্রামীণ এলাকার বিদ্যালয় হতে হবে। বিক্ষিপ্ত নমুনায়নের মাধ্যমে বিদ্যালয় নির্বাচন করে সেখানে এক দিন অবস্থান করে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে হবে।
মাঠপর্যায়ের কার্যক্রম শেষ করার পর কর্মকর্তাদের নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। পরিদর্শন শেষ হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে সেই প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এভাবে নির্ধারিত সময়সীমার মধ্যে মাঠপর্যায়ের পরিদর্শন শেষ করে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের পর্যবেক্ষণ ও পর্যালোচনার প্রতিবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট ১৮০ কর্মকর্তাকে।