• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > নতুন বেতন-ভাতা মিললেও এবার রিটার্নে দেখাতে হবে না

নতুন বেতন-ভাতা মিললেও এবার রিটার্নে দেখাতে হবে না

  • মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১৩:৫৩
  • ১৯

---

ইবি রিপোর্ট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকর হয়েছে। চলতি মাসের বেতনের সঙ্গে বাড়তি অর্থও পাওয়া শুরু করবেন তারা। তবে নতুন বেতন-ভাতার হিসাব এবারের আয়কর রিটার্নে দেখাতে হবে না। গত অর্থবছরে যে আয় হয়েছে, সেই আয়ের ভিত্তিতেই এবার কর দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের তিন ধরনের আয়ের ওপর কর আরোপ করা হয়। অন্যদিকে ৪২ ধরনের আয় করমুক্ত রাখা হয়েছে।

বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাদের একটি অংশ এখনো করজালের বাইরে থাকলেও আইন অনুযায়ী নির্দিষ্ট ধরনের আয়ের ক্ষেত্রে কর পরিশোধ বাধ্যতামূলক।

দশম গ্রেড বা তার ওপরে থাকা কর্মকর্তাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। অন্যদের ক্ষেত্রে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক নয়। তবে রিটার্ন জমা না দিলে বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

কোন সময়ের আয় দেখাতে হবে

গত জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকর করা হয়েছে। তবে এই নতুন বেতন-ভাতার হিসাব এবারের আয়কর রিটার্নে অন্তর্ভুক্ত হবে না।

এবারের রিটার্নে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের আয় দেখাতে হবে। অর্থাৎ চলতি অর্থবছরে কার্যকর হওয়া নতুন বেতন-ভাতা পরবর্তী রিটার্নের হিসাবের অংশ হবে।

এবার সারা বছরই রিটার্ন দেওয়ার বিধান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যেসব আয়ে কর দিতে হবে

সরকারি চাকরিজীবীদের সব ধরনের আয়ের ওপর কর আরোপ করা হয় না। নির্দিষ্ট কিছু আয় করযোগ্য হলেও বেশ কিছু ভাতা ও সুবিধা করের আওতার বাইরে রাখা হয়েছে।

২০২৩ সালের ১৩ জুলাইয়ের আয়করের ২২৫ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীর মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। এসব আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

অন্যদিকে এনবিআরের ২০২৬–২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকায় ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা ও টিফিন ভাতা।

এ ছাড়া পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স ও ক্লিনার অ্যালাউন্সও করমুক্ত তালিকায় রয়েছে।

তালিকায় আরও রয়েছে ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।

তবে সরকারি চাকরিজীবীদের সবাই এসব ভাতা পান না। চাকরির ধরন ও দায়িত্বের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব ভাতা দেওয়া হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18984 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 10:14:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh