• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > জাপানের আমন্ত্রণে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের আমন্ত্রণে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১৩:৪২
  • ১৪

---

 

ইবি রিপোর্ট

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবর ঢাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে তার। তবে প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি জানান, মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি চলছে। তবে ঠিক কোন তারিখে তিনি ঢাকা ছাড়বেন, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।

ওই সভায় জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

সাম্প্রতিক বাংলাদেশ-জাপান পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয়।

একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় তাকে এ আমন্ত্রণ জানান জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু।

দুই দেশের পক্ষ থেকেই পারস্পরিক সফরের আমন্ত্রণ বিনিময় হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য টোকিও সফরকে সামনে রেখে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি নিয়ে কাজ করছেন। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সফরটি তিন থেকে চার দিনের হতে পারে এবং অক্টোবরের শেষ সপ্তাহেই তা আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি দুই দেশের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18978 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 09:57:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh