• হোম > দেশজুড়ে > তেঁতুলিয়া সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় চার তরুণ আটক

তেঁতুলিয়া সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টায় চার তরুণ আটক

  • মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১৩:৩৮
  • ৩০

---

 

ইবি রিপোর্ট

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে যান।

বিজিবি জানায়, ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ ভারতে প্রবেশের চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। একপর্যায়ে চারজনকে আটক করতে সক্ষম হলেও বাকি তিনজন পালিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, কাজের সন্ধানে ওই তরুণরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার বড় ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও তার ছোট ছেলে মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক চারজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তরুণদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা সম্ভব হয়েছে এবং তিনজন পালিয়ে গেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল দল ২৪ ঘণ্টা নজরদারি করছে।

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, বিজিবি চার তরুণকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে পালিয়ে যাওয়া তিন তরুণের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18975 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 10:03:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh