• হোম > দেশজুড়ে > ঘুষের টাকা দিয়ে পোশাক কেনার মন্তব্য, এএসআই ক্লোজ

ঘুষের টাকা দিয়ে পোশাক কেনার মন্তব্য, এএসআই ক্লোজ

  • মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১২:২৬
  • ২৮

---

 

ইবি রিপোর্ট

ঘুষ গ্রহণ নিয়ে এক পুলিশ কর্মকর্তার মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। সেখানে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে ঘুষ গ্রহণের বিষয়ে তাকে মন্তব্য করতে শোনা যায়। ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে। কথা বুঝস না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুস খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব—হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই।’

স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে ওই বক্তব্য ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঘটনার পর চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, এএসআই ইলিয়াস হোসাইনকে রাতেই প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপর তাকে রাতেই প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও অবগত করেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান।

তিনি বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।’

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ভাইরাল ভিডিওটি সামনে আসার পরই এএসআই ইলিয়াস হোসাইনকে চুনারুঘাট থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ভিডিওতে থাকা বক্তব্যের বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

এখন তদন্তে ভিডিওর বক্তব্যের প্রেক্ষাপট ও ঘটনার অন্যান্য বিষয় যাচাই করা হবে। তদন্ত শেষে এএসআই ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18960 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 08:20:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh