• হোম > অর্থনীতি | বাংলাদেশ | ব্যাংক > ৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা

  • মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১২:০৪
  • ২০

---

 

ইবি রিপোর্ট

সিস্টেম আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের কাজের কারণে দেশের ১৯টি ব্যাংকের গ্রাহকদের একাধিক ডিজিটাল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস) পেমেন্ট, ই-কমার্স, কিউআর কোডে অর্থ পরিশোধ এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর আওতাধীন কিছু তহবিল স্থানান্তর ও কার্ড লেনদেন করা যাবে না।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন কার্যক্রমের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট কার্ড ও লেনদেনসেবা বন্ধ থাকবে।

সাময়িকভাবে সেবা বিঘ্নিত হওয়া ১৯টি ব্যাংক হলো—ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে নগদ অর্থ তোলা যাবে না। পাশাপাশি পিওএস মেশিনে কার্ড ব্যবহার করে কেনাকাটা, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট এবং ই-কমার্সভিত্তিক লেনদেনেও বিঘ্ন ঘটবে। এনপিএসবির আওতাধীন নির্দিষ্ট লেনদেনও এই সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে না।

দীর্ঘ সময় ধরে প্রযুক্তিনির্ভর এসব সেবা বন্ধ থাকায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, দোকানে কার্ড দিয়ে মূল্য পরিশোধ কিংবা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে।

গ্রাহকদের উদ্বেগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেই ব্যাংকগুলো নিয়মিতভাবে এ ধরনের কারিগরি রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডের কাজ করে থাকে।

তিনি বলেন, ‘প্রতিটি ব্যাংক স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে, তবে কাকতালীয়ভাবে ১৯টি ব্যাংকের সিস্টেম আপগ্রেডের সময়সূচি একই সময়ে পড়েছে।’ গ্রাহকদের ভোগান্তি কমাতে আগাম বিজ্ঞপ্তি এবং এসএমএসের মাধ্যমে সতর্কবার্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক আলোচনা করেছে বলেও জানান তিনি।

ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর বন্ধ থাকা সেবাগুলো ধাপে ধাপে সচল করা হবে। প্রযুক্তিগত কার্যক্রম চলাকালে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

তবে ব্যাংকগুলোর নিজস্ব নির্দেশনা অনুযায়ী সরাসরি শাখাভিত্তিক কাউন্টার লেনদেন চালু থাকবে। ফলে ডিজিটাল সেবা ব্যবহারে সাময়িক বিঘ্ন থাকলেও সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে নির্ধারিত কাউন্টার সেবার মাধ্যমে লেনদেন করা যাবে।

কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে একসঙ্গে একাধিক ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবায় এই সাময়িক পরিবর্তন এসেছে। ব্যাংকগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ের কাজ শেষ হলে কার্ড, এটিএম, পিওএস, কিউআর, এনপিএসবি ও ই-কমার্সভিত্তিক প্রভাবিত সেবাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18954 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 08:03:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh