• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ, বাড়বে বাজেট: তারেক রহমান

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ, বাড়বে বাজেট: তারেক রহমান

  • সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৭:৫৭
  • ১৮

---

 

ইবি রিপোর্ট

শিক্ষাকে দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করে আগামী দিনগুলোতে এ খাতে সরকারি বিনিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ইতিহাসে এবারই জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী পাঁচ বছর ধাপে ধাপে এই বরাদ্দ বাড়ানো হবে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, চলতি বছরেই শিক্ষার্থীরা নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্যবই পাচ্ছে। সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না।

শিক্ষার মান উন্নয়নে শুধু প্রচলিত জ্ঞান নয়, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তার মতে, সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষাদানের পদ্ধতিতেও পরিবর্তন প্রয়োজন। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প না বানিয়ে শিক্ষকদের সহায়ক হিসেবে ব্যবহারের ওপর জোর দেন তিনি।

এ লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের পরিধি বাড়ানোর পাশাপাশি বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।

নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক সরবরাহের বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ ধরে রাখতে পাঠদানের পদ্ধতিতে আনন্দের বিষয়টি যুক্ত করা প্রয়োজন। শিক্ষার্থীরা যেন বই ও পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সে জন্য আনন্দময় শিক্ষাকে শিখন কৌশলের অংশ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থার চাহিদা পরিবর্তিত হওয়ায় শিক্ষক প্রশিক্ষণেও নতুনত্ব আনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে টিচার্স ট্রেনিং কলেজগুলোকে আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে শিক্ষকদের পরিবর্তিত শিক্ষাপদ্ধতি, প্রযুক্তি ও নতুন প্রজন্মের প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করা সম্ভব হবে বলে জানান তিনি।

শিক্ষকতা পেশার মর্যাদা ও আকর্ষণ বাড়ানোর বিষয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘উপায়হীন বিকল্প পেশা হতে পারে না শিক্ষকতা পেশা।’ মেধাবীরা যেন শিক্ষকতাকে তাদের পছন্দের প্রথম তালিকায় রাখেন, সে ধরনের পরিবেশ তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের আকৃষ্ট করার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, যোগ্য ও মেধাবীদের শিক্ষকতা পেশায় আনতে নিয়োগব্যবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং শিক্ষকদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার সুযোগ সম্প্রসারণ, নতুন সিলেবাস বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষকদের আর্থিক নিরাপত্তার বিষয়গুলোকে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরেন। তিনি জানান, আগামী পাঁচ বছরে শিক্ষাখাতে বাজেট ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18944 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 01:42:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh