• হোম > রাজনীতি > নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় তীব্র প্রতিবাদ এনসিপির

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় তীব্র প্রতিবাদ এনসিপির

  • সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৩:৫৪
  • ২৭

---

 

ইবি রিপোর্ট

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় লালন আখড়ায় প্রবেশের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তার হাতে আঘাত লাগে। তিনি ছাড়াও আরও দুজন আহত হন। হামলার পর সঙ্গে থাকা নেতা-কর্মীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা কোনো স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ হতে পারে না।

দলটির ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে মতপার্থক্যের জবাব হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এনসিপি জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এ ধরনের হামলা এবারই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তাকে লক্ষ্য করে একাধিকবার ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটে। পরে ওই ঘটনার বিষয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটির মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

এরপর গত জুলাইয়ে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সারজিস আলম নিরাপত্তার জন্য একটি ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরিয়ে নেয়।

এর কয়েক দিন পর সিলেটেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গাড়ির কাচ ভেঙে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশিত হলেও স্থানীয় পুলিশ হামলার ঘটনা অস্বীকার করে।

এনসিপি বলছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তি এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটতে থাকলে প্রতিটি ঘটনার তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

দলটির মতে, এসব ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা না হলে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

এনসিপি আরও বলেছে, কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার সুযোগ থাকা উচিত নয়। দেশের যেকোনো প্রান্তে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18898 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 10:04:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh