• হোম > আইন আদালত > ইনুর কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ইনুর কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

  • সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৩:৩৩
  • ১৯

---

 

ইবি রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের আট অভিযোগে করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আপিলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে ইনুর সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছে।

এর আগে গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ৩ নম্বর অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৬ ও ৭ নম্বর অভিযোগেও তাকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং প্রতিটি অভিযোগে এক লাখ টাকা করে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়। তবে পৃথক অভিযোগে সাজা হলেও সব সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় ইনুকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

অন্যদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেন ট্রাইব্যুনাল। রায়ে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে আলাদাভাবে দণ্ড দেওয়া হলেও সেগুলো একসঙ্গে চলবে বলে জানানো হয়।

মামলাটিতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ১৪ মে। এরপর মামলাটি যেকোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে সেদিন যুক্তিতর্কে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সোবহান তরফদারসহ অন্যরা। অন্যদিকে ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

আসামিপক্ষ মোট নয় দিন ধরে তাদের যুক্তি উপস্থাপন করে। শুনানিতে ইনুর আইনজীবী মামলার বিভিন্ন আইনি দিক তুলে ধরেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনু সংসদ সদস্য ছিলেন না বলেও দাবি করা হয়।

মুনসুরুল হক চৌধুরী দাবি করেন, কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় ইনুর কোনো সম্পৃক্ততা নেই। মামলার সাক্ষীরাও হত্যাকাণ্ডের সময় ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না বলে স্বীকার করেছেন বলে তিনি আদালতে তুলে ধরেন।

পরে গত ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের স্বাক্ষরের পর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর গুলির ঘটনা ঘটে। এতে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন।

এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হন। পরবর্তী সময়ে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে পরে প্রসিকিউশন ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করে। ওই মামলায় ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের বিরুদ্ধে এবার আপিল করেছে প্রসিকিউশন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18892 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 09:33:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh