• হোম > জাতীয় | বাংলাদেশ > ঢাবির ৫৪তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মতি

ঢাবির ৫৪তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মতি

  • সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৩:০৬
  • ২৪

---

 

ইবি রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় এ সমাবর্তনে তিনি সভাপতিত্ব করবেন। একই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার বিষয়েও সম্মতি পাওয়া গেছে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে রাষ্ট্রপতির অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিষয়েও তাঁকে জানানো হয়।

এ সময় উপাচার্য রাষ্ট্রপতিকে ৫৪তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে অংশ নেওয়ার সম্মতি দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু।’

শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার কথাও বলেন তিনি।

উপাচার্যের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

গতকাল দুপুরে বঙ্গভবনে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাতে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনের আমন্ত্রণ জানায়। জবাবে রাষ্ট্রপতি সেখানে যাওয়ার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সুবর্ণা সিকদার (ঠাকুর), কমিটির উপদেষ্টা আহসান হাবিব অপু ও সমেন কুমার সাহা, সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস এবং হরি-গুরুচাঁদ মতুয়া মিশন খুলনা জেলা কমিটির সভাপতি নিত্যানন্দ মণ্ডলসহ মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18882 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 09:16:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh