
ইবি রিপোর্ট
দেশের বাজারে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯১ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।
বিইআরসি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অটোগ্যাসের নতুন নির্ধারিত দাম কার্যকর থাকবে।
অন্যদিকে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে।
অর্থাৎ অক্টোবর মাসে অটোগ্যাস ও এলপিজি—দুই ধরনের জ্বালানির দামই আগের তুলনায় বাড়ল। রোববার সন্ধ্যা ৬টা থেকে সংশ্লিষ্ট নতুন মূল্য কার্যকর হওয়ার কথা জানিয়েছে বিইআরসি।