• হোম > জাতীয় | দেশজুড়ে > উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া কঠিন: গভর্নর

উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া কঠিন: গভর্নর

  • রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮:৪৯
  • ২৫

---

ইবি রিপোর্ট

ব্যাংকঋণের উচ্চ সুদহারে ব্যবসায়ীদের আর্থিক চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের সুযোগ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এই সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে সফল হওয়া উদ্যোক্তাদের জন্য কঠিন। এ পরিস্থিতিতে উদ্যোক্তাদের আর্থিক চাপ কমাতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড় এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি খাতে গতি সঞ্চার করতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।

৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা

গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ দেখা গেছে, তা অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগাতে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ স্কিম চালুর পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে স্কিমটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

কৃষকদের জন্য বিকল্প জামানত

কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের সুবিধা আরও বেশি প্রকৃত ও প্রান্তিক কৃষকের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গভর্নর।

তিনি বলেন, প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তি জামানত রাখার পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এতে কৃষকদের অর্থায়ন পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ

উত্তরবঙ্গের কৃষিপণ্যের উৎপাদন থেকে সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপ কার্যকর করার ওপর গুরুত্ব দেন গভর্নর।

তিনি বলেন, এ লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম ভূমিকা রাখবে।

সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ব্যবসায়ী, চেম্বার নেতা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18860 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 02:55:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh