• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭:৩৫
  • ২৭

---

ইবি রিপোর্ট

জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ইভ্যাট সিস্টেমে এসব কর মেয়াদের রিটার্ন দাখিল করতে পারবে।

নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। বৃহস্পতিবার এনবিআরের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন ইভ্যাট সিস্টেমে জমা দেয়নি।

এই পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপ-ধারা (৩)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর।

আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন এখনো ইভ্যাট সিস্টেমে জমা দেয়নি, তারা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত তা দাখিলের সুযোগ পাবে।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শুধু জুলাই ও আগস্টের রিটার্ন নয়, সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্নও একই সময়ের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন ইভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।

এনবিআর জানিয়েছে, নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না।

জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18744 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 01:31:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh