• হোম > অর্থনীতি | দেশজুড়ে > পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক করতে আইসিবিকে নির্দেশ অর্থমন্ত্রীর

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক করতে আইসিবিকে নির্দেশ অর্থমন্ত্রীর

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭:০৪
  • ১৪

---

ইবি রিপোর্ট

খুচরা বিনিয়োগকারীনির্ভরতা থেকে বেরিয়ে দেশের পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় নেওয়া এবং পুরো বাজারকে পেপারলেস করার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে প্রচলিত ধারা থেকে বেরিয়ে বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) আইসিবির সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের পুঁজিবাজার ও আর্থিক খাত আধুনিকায়নে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে। অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা। সাধারণ মানুষের সঞ্চয়কে মূলধন বাজারে যুক্ত করে জাতীয় অর্থনীতিতে বড় বিনিয়োগ নিশ্চিত করাও এর উদ্দেশ্যের মধ্যে ছিল।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে খুচরা বিনিয়োগকারীনির্ভর। বিশ্বের অধিকাংশ দেশের পুঁজিবাজার মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে পরিচালিত হয়। তাই দেশের বাজারকে রিটেইলভিত্তিক অবস্থা থেকে ইনস্টিটিউশনালভিত্তিক ব্যবস্থায় রূপান্তরে আইসিবিকে ভূমিকা পালন করতে হবে।

অর্থনৈতিক সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক খাতের শীর্ষ পদগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করা হচ্ছে। সরকারের নীতি অনুযায়ী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না।

পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তর নিয়েও বক্তব্য দেন তিনি। তাঁর তথ্য অনুযায়ী, এসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ ও আইসিবিসহ পুরো পুঁজিবাজার ব্যবস্থায় শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। ‘নো পেপার ট্রানজ্যাকশন, নাথিং পেপার’ নীতির আওতায় ভবিষ্যতে লিস্টিং আবেদন, অনুমোদন এবং সিদ্ধান্ত গ্রহণের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার কথা জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সম্প্রতি নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষ ১৫টি বৃহৎ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কারের প্রতি আস্থা প্রকাশ করেছেন। প্রাইভেট ফান্ড, ক্লাইমেট ফান্ডিং ও ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে দেশে বৈশ্বিক মূলধন প্রবাহের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

দেশীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হাই স্ট্রিট ব্যাংকনির্ভরতা থেকে বেরিয়ে আন্তর্জাতিক মানের আর্থিক চর্চার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, অতীত অভিজ্ঞতা এবং চলমান পুনর্গঠনের মাধ্যমে আইসিবি একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হবে।

অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18740 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 12:37:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh