
ইবি রিপোর্ট
পাস করেও যারা বিসিএস ক্যাডার হতে পারেননি, তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার দলীয়করণ করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। বিভিন্নভাবে দলীয়করণের চেষ্টা করা হলেও বারবার তারা জনগণের কাছে ধরা পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে হবে। জনগণ ও শিক্ষার্থীদের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে সরকারকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল সংসদের সহসভাপতি রাসেল মিয়া।
তিনি বলেন, বর্তমান সরকারকে তারা ‘ফ্যাসিবাদী কায়দায়’ চলতে দেখছেন। বিভিন্ন ক্ষেত্রে আমলাতন্ত্রকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাসেল মিয়া বলেন, ‘লন্ডন কিন্তু অনেক দূরে। এখন থেকেই সঠিক পথে আগান।’
তিনি আরও বলেন, কোনো কারণ ছাড়া চাকরিপ্রত্যাশীদের ভেরিফিকেশন এবং বিভিন্ন কারণ দেখিয়ে বাদ দেওয়া অত্যন্ত নিন্দনীয়। সরকারের প্রতি মেধার মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে বর্তমান সরকারেরও পূর্ববর্তী সরকারের মতো পরিণতি হতে পারে।
৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা পাস করা প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করা, মেধার যথাযথ মূল্যায়ন এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান।