• হোম > জাতীয় | বাংলাদেশ > মিষ্টির বিরুদ্ধে অভিযোগের তদন্ত হবে, প্রমাণ মিললে চার্জশিট: সালাহউদ্দিন

মিষ্টির বিরুদ্ধে অভিযোগের তদন্ত হবে, প্রমাণ মিললে চার্জশিট: সালাহউদ্দিন

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬:১৬
  • ১১

---

 

ইবি রিপোর্ট

রাজধানীর মিরপুর-১ এলাকায় স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদ থেকে সদ্য পদত্যাগ করা ফেরদৌস আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, তদন্তের ভিত্তিতে অভিযোগের বিষয়ে চার্জশিট দেওয়া হবে। একই সঙ্গে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার অপরাধকে অপরাধ হিসেবেই দেখছে। কোনো অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া হয়নি—এমন কোনো ঘটনা বলা যাবে না। কোথাও কোনো ত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, অপরাধ হতে থাকবে, অপরাধ হয়। অপরাধ আছে বলেই পুলিশ আছে, আমরা আছি। অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য সরকার কাজ করছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত অনুযায়ী চার্জশিট দেওয়া হবে।

এদিকে ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে নিয়োগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেল পরীক্ষায় আনফিট হওয়া এবং নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার কারণে চূড়ান্ত তালিকায় থাকা ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রজ্ঞাপনই শেষ নয়। সামনে আরও প্রজ্ঞাপন জারি হবে। আগামী সোমবার বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত রয়েছে।

৪৯তম বিসিএসের নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রার্থীদের ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। তবে গুরুতর অপরাধের কারণে কারও নাম প্রজ্ঞাপনে না থাকলে আবেদনের সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যাচাই-বাছাই নিয়ম অনুযায়ী করা হচ্ছে। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করার নীতি সরকারের নেই।

৪৯তম বিসিএসের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, একজন গায়ে আগুন দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিষিদ্ধ ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে সবাইকে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিয়োগসংক্রান্ত বিষয়গুলো নিয়ম অনুযায়ী সমাধানের সুযোগ রয়েছে এবং এ নিয়ে যাতে কোনো ধরনের অস্থির পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18730 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 11:52:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh