• হোম > জাতীয় | বাংলাদেশ > বাণিজ্যিক সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিটপ্রতি সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা

বাণিজ্যিক সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিটপ্রতি সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫:৫৪
  • ২০

---

 

ইবি রিপোর্ট

বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ বাধা দূর হলো। এসব কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রির দাম এবং জাতীয় গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন আদেশ অনুযায়ী, বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ইউনিটপ্রতি ৬ টাকা ৯৮ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা দরে কিনবে বিতরণ সংস্থাগুলো। চলতি অক্টোবর থেকেই এ দর কার্যকর হবে।

বুধবার দেওয়া বিইআরসির আদেশে বলা হয়েছে, ৩৩ কিলোভোল্ট স্তরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইউনিটপ্রতি ৬ টাকা ৯৮ পয়সা এবং ১৩২ কিলোভোল্ট স্তরে ৭ টাকা ১১ পয়সা দরে বিদ্যুৎ কিনবে।

বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য সঞ্চালন মাশুলও নির্ধারণ করা হয়েছে। ২৩০ কিলোভোল্ট স্তরে প্রতি ইউনিটে ৩৭ দশমিক ৮৯ পয়সা, ১৩২ কিলোভোল্টে ৩৮ দশমিক ২৫ পয়সা এবং ৩৩ কিলোভোল্টে ৩৮ দশমিক ৯৭ পয়সা হারে পাওয়ার গ্রিড বাংলাদেশকে এ মাশুল দিতে হবে।

এ ছাড়া বিতরণ পর্যায়ে বিদ্যুৎ গ্রিডে দেওয়ার প্রান্তে বিতরণ সংস্থা ভিন্ন হলে ১৩২, ৩৩, ১১ এবং শূন্য দশমিক ৪০ কিলোভোল্ট স্তরে ইউনিটপ্রতি ৩০ পয়সা মাশুল দিতে হবে। বিদ্যুৎ নেওয়ার প্রান্তে ২৩০ থেকে শূন্য দশমিক ৪০ কিলোভোল্ট পর্যন্ত সব স্তরের জন্য ইউনিটপ্রতি ১ টাকা ১৭ পয়সা মাশুল নির্ধারণ করা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ কেন্দ্রীয়ভাবে সমন্বয় ও বিলিংয়ের জন্য একক ক্রেতা হিসেবে পিডিবির সমন্বয় ও নিষ্পত্তি মাশুল নির্ধারণ করা হয়েছে ইউনিটপ্রতি ৫ পয়সা। একই আদেশে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার পদ্ধতি, বিলিং, বিদ্যুতের হিসাব-নিকাশ এবং নিষ্পত্তির বিভিন্ন শর্তও নির্ধারণ করেছে বিইআরসি।

বিইআরসি জানিয়েছে, এ বিষয়ে গত ১ এপ্রিল পিডিবি একটি সমন্বিত প্রস্তাব কমিশনের কাছে জমা দেয়। এরপর ৭ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ এবং ছয়টি বিতরণ সংস্থা পৃথক প্রস্তাব জমা দেয়।

এসব প্রস্তাব ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর গত ২৩ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য বিশ্লেষণ করে কমিশন বিদ্যুৎ ক্রয়মূল্য ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ করে এ আদেশ জারি করেছে।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুযোগ দিয়েছে। এ ব্যবস্থায় বড় শিল্পপ্রতিষ্ঠান ও রপ্তানিমুখী প্রতিষ্ঠান বেসরকারি উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি বিদ্যুৎ কিনতে পারবে।

এ ক্ষেত্রে বিদ্যুতের ক্রেতা ও বিক্রেতা নিজেদের মধ্যে বিদ্যুতের দাম নির্ধারণ করতে পারবেন। তবে বিতরণ সংস্থার কাছে বিক্রি করা বিদ্যুতের মূল্য এবং জাতীয় গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ করবে বিইআরসি।

বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ ২০ শতাংশ বিতরণ সংস্থার কাছে বিক্রি করা যাবে। একই সঙ্গে দেশের যেকোনো এলাকায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করে জাতীয় গ্রিডের মাধ্যমে অন্য এলাকায় উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে নির্ধারিত সঞ্চালন ও বিতরণ মাশুল পরিশোধ করতে হবে।

সরকার গত বছরের অক্টোবরে ‘নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর নীতি, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে। এই নীতির মাধ্যমে প্রথমবারের মতো বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, বিদ্যুৎ ক্রেতার সঙ্গে সরাসরি কেনাবেচার চুক্তি এবং জাতীয় গ্রিড ব্যবহারের আইনি স্বীকৃতি দেওয়া হয়।

নীতিতে সৌর, বায়ু, বায়োমাস বা জীবভর এবং বর্জ্যসহ বিভিন্ন পরিচ্ছন্ন উৎসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে সবুজ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে।

বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য বিইআরসির কাছ থেকে উৎপাদন লাইসেন্স নিতে হবে। পাশাপাশি আইন বা নীতিতে পরিবর্তনের কারণে কোনো বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়লে সরকারি সুরক্ষার ব্যবস্থাও নীতিতে রাখা হয়েছে।

বিইআরসির নতুন আদেশের ফলে বেসরকারি বিনিয়োগকারীদের জন্য সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের কাঠামো আরও স্পষ্ট হলো। বিদ্যুৎ বিক্রির দর, জাতীয় গ্রিড ব্যবহারের সঞ্চালন ও বিতরণ মাশুল এবং বিলিং ও নিষ্পত্তির নিয়ম নির্ধারিত হওয়ায় বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র পরিচালনার প্রয়োজনীয় কাঠামোও এখন নির্দিষ্ট হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18724 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 11:51:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh