
ইবি রিপোর্ট
রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে এসব মামলা করা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেওয়া তথ্য অনুযায়ী, বুধবারের সংঘর্ষের ঘটনায় মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুর মডেল থানায় দায়ের করা তিন মামলার মধ্যে দুটির বাদী পুলিশ। অপর মামলাটি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অন্যদিকে, কাফরুল থানায় দায়ের করা মামলাটিও ডিএনসিসি কর্তৃপক্ষ করেছে।
জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেটের দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হচ্ছিল।
অভিযানের একপর্যায়ে হোপ মার্কেটসংলগ্ন বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটের নিচে থাকা ভাসমান দোকান সরানোর সময় ভেকুর আঘাতে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও দোকানিরা সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গেও হকারদের সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
মামলাগুলোতে অজ্ঞাতনামা বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।