• হোম > আন্তর্জাতিক | উত্তর আমেরিকা | বিদেশ > ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা সরকারি ছুটির স্বীকৃতি পেল

ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা সরকারি ছুটির স্বীকৃতি পেল

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১২:৫৫
  • ২১

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিয়ে একটি বিল আইনে পরিণত হয়েছে। এর ফলে মুসলিম কর্মীরা ধর্মীয় এই দুই উৎসব পালনের জন্য তাদের বিদ্যমান বেতনসহ ছুটির সুবিধা ব্যবহার করতে পারবেন।

‘এবি ২০১৭’ নামের বিলটি ১০ সেপ্টেম্বর থেকে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে ইসলামী ধর্মীয় ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুসলিম সম্প্রদায় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলতি বছরের মার্চে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কাছে বিলটি উত্থাপন করেন স্টেট অ্যাসেম্বলির সদস্য ম্যাট হ্যানি।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি কার্যকর হওয়ার ফলে ক্যালিফোর্নিয়ার স্কুল ও সরকারি কর্মস্থলগুলো মুসলিমদের ধর্মীয় বিশ্বাস পালনের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করতে পারবে। ফলে কর্মজীবন কিংবা শিক্ষাজীবনের দায়িত্বের কারণে ধর্মীয় উৎসব পালনে তাদের যে সমস্যার মুখে পড়তে হতো, তা কমানোর সুযোগ তৈরি হয়েছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (কেয়ার-সিএ) ক্যালিফোর্নিয়া শাখার তথ্য অনুযায়ী, বিলটির প্রণেতা স্টেট অ্যাসেম্বলির সদস্য ম্যাট হ্যানি। সহ-উদ্যোক্তা হিসেবে রয়েছে কেয়ার-সিএ, ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স এবং মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিল।

কেয়ার-সিএ এক বিবৃতিতে জানিয়েছে, এবি ২০১৭ রাজ্য ও স্কুলের কর্মীদের বিদ্যমান ব্যক্তিগত ছুটির সুবিধা বা ছুটির সময় ব্যবহার করে ঈদ পালনের সুযোগ দিচ্ছে।

অর্থাৎ ঈদ উপলক্ষে আলাদা করে নতুন কোনো বেতনসহ ছুটির দিন যোগ না হলেও, বিদ্যমান ছুটির সুবিধা ব্যবহার করে মুসলিম কর্মীরা ধর্মীয় উৎসব পালনের সুযোগ পাবেন।

বিলটিতে কে-১২ স্কুল ও কমিউনিটি কলেজগুলোকে স্থানীয়ভাবে সম্পাদিত চুক্তির মাধ্যমে ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেয়ার-সিএ।

সংগঠনটি বিলটি পাস হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে। তাদের ভাষ্য, এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ১০ লাখের বেশি মুসলিমের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

কেয়ার-সিএ বলেছে, এতদিন অনেক মুসলিমকে ধর্মীয় বিশ্বাস পালন এবং স্কুল বা কর্মস্থলে উপস্থিত থাকার মধ্যে একটি বেছে নিতে হতো। নতুন আইনের ফলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে।

কেয়ার-সিএ’র বিবৃতিতে বলা হয়েছে, এবি ২০১৭ পাস হওয়ার বিষয়টি আমেরিকান-মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে ঘটেছে।

সংগঠনটির মতে, ঈদের ছুটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ক্যালিফোর্নিয়া তার মুসলিম সম্প্রদায়ের মূল্যায়ন করে এবং তাদের সুরক্ষার বিষয়ে একটি প্রয়োজনীয় ও শক্তিশালী বার্তা দিয়েছে। বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে বৈরিতা বাড়তে থাকার সময়ে এই স্বীকৃতির গুরুত্ব আরও বেশি বলে উল্লেখ করেছে সংগঠনটি।

ঈদুল ফিতরের মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাপ্তি হয়। এক মাস সিয়াম সাধনার পর বিশ্বের মুসলিমরা ধর্মীয় উৎসাহ ও আনন্দের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেন।

অন্যদিকে ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজে পালিত হয় ঈদুল আজহা। হজের সঙ্গে সম্পর্কিত এই পবিত্র উৎসবও বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভক্তি, উৎসাহ ও আনন্দের সঙ্গে পালন করেন।

ক্যালিফোর্নিয়ায় নতুন আইনের ফলে এখন রাজ্যের মুসলিম কর্মী ও শিক্ষার্থীদের জন্য এই দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে আরও সুযোগ তৈরি হলো।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18666 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 08:37:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh