• হোম > জাতীয় | বাংলাদেশ > সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ৫ নভেম্বর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ৫ নভেম্বর

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১১
  • ৯

---

 

ইবি রিপোর্ট

উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হলেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছেছে। নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আগামী ৫ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বার পেছাল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের পর প্রথমে মামলাটির তদন্তভার ছিল শেরেবাংলা নগর থানার পুলিশের ওপর। ঘটনার চার দিন পর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করেও ডিবি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে না পারায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র‌্যাবের কাছে দেওয়া হয়।

দীর্ঘ সময় র‌্যাব তদন্ত করলেও মামলায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবের কাছ থেকে তদন্তভার সরিয়ে নেয়। একই সঙ্গে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশের পর ২০২৪ সালের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চার সদস্যের টাস্কফোর্স গঠন করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে ওই টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়। বর্তমানে এই টাস্কফোর্সের অধীনেই মামলাটির তদন্ত চলছে।

তবে নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ায় টাস্কফোর্সকে কয়েক দফায় সময় দেওয়া হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ২৬ এপ্রিল হাইকোর্ট আরও ছয় মাস সময় দেয়।

এ মামলায় বিভিন্ন সময়ে রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তানভীর রহমান খানকে আসামি করা হয়েছে।

তানভীর রহমান খান জামিনে রয়েছেন। নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পালও জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক রয়েছেন। অন্য আসামিরা কারাগারে রয়েছেন।

দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন এখনো আদালতে জমা পড়েনি। নতুন ধার্য তারিখ অনুযায়ী আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18630 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 01:36:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh