• হোম > জাতীয় | দেশজুড়ে > বাংলাদেশ-ইউএই যৌথ বিজনেস কাউন্সিল গঠনে দ্রুত পদক্ষেপের আহ্বান

বাংলাদেশ-ইউএই যৌথ বিজনেস কাউন্সিল গঠনে দ্রুত পদক্ষেপের আহ্বান

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৩
  • ২১

---

ইবি রিপোর্ট

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে যৌথ বিজনেস কাউন্সিল গঠনের ওপর জোর দেওয়া হয়েছে। দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সহযোগিতা চেয়েছেন তিনি।

২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মোঃ ফজলুল হক। এ সময় দুই দেশের মধ্যে যৌথ বিজনেস কাউন্সিল গঠনসহ পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাবটি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। তবে বর্তমানে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং যৌথ কাউন্সিল গঠনে আরব আমিরাতের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

তার মতে, বিজনেস কাউন্সিল গঠিত হলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে। পাশাপাশি ভিসা সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের ক্ষেত্রেও এ উদ্যোগ সহায়ক হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিজনেস কাউন্সিল গঠনের প্রক্রিয়ায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশাসক মোঃ ফজলুল হক।

বৈঠকে মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক হালাল পণ্যের বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। মুসলিম দেশগুলোতে বাংলাদেশি হালাল পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতা চান এফবিসিসিআই প্রশাসক।

এ বিষয়ে দুই পক্ষ সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশের হালাল পণ্যের জন্য মধ্যপ্রাচ্যের বাজারে আরও সুযোগ তৈরির বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার উপস্থিত ছিলেন। তিনি জানান, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে বাংলাদেশে একটি তৈরি পোশাক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে দুবাইয়ের একাধিক শীর্ষ প্রতিষ্ঠান ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।

মেলায় আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন আশিষ কুমার সরকার।

এদিকে বুধবার এফবিসিসিআইয়ের প্রশাসক মোঃ ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দুবাইয়ের শীর্ষ বাংলাদেশি ব্যবসায়ীরা। এ সময় মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং নতুন বাণিজ্যিক সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের বাজারে দেশের পণ্যের উপস্থিতি বাড়ানো এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18598 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 12:22:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh