• হোম > দেশজুড়ে > মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জালে উঠল ১২ ফুটের অজগর

মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জালে উঠল ১২ ফুটের অজগর

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৯
  • ১১

---

 

ইবি রিপোর্ট

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে উঠে এসেছে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর। পরে বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন। এ সময় মাছ ধরার জালে হঠাৎ বড় একটি সাপ উঠে আসে। বিশাল আকৃতির সাপটি দেখে জেলেরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

পরে স্থানীয়রা সাপটি অজগর বলে শনাক্ত করেন। বিষয়টি জানানো হয় বন বিভাগকে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য রাশিদা পারভীন জানান, জালে বড় সাপ ওঠার পর সেটি অজগর বলে বুঝতে পেরে বন বিভাগকে খবর দেওয়া হয়। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা নূরুল হুদা জানান, অজগরটির ওজন আনুমানিক ১০ থেকে ১২ কেজি।

মুঠোফোনে নূরুল হুদা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিকেলে অজগরটিকে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

স্থানীয়দের জালে অজগরটি ধরা পড়ার ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। পরে বন বিভাগের উদ্যোগে সেটি নিরাপদ স্থানে পাঠানো হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18584 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 12:22:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh