• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > জাতিসংঘ সফর ও বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক নিয়ে বিকেলে ব্রিফিং

জাতিসংঘ সফর ও বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক নিয়ে বিকেলে ব্রিফিং

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৮
  • ১২

---

ইবি রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তাঁর অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে মাহদী আমিন জানিয়েছিলেন, চার দিনের সফরে জাতিসংঘ সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এসব বৈঠক ও কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।

সফরের বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার এবং মানবাধিকারবিষয়ক হাইকমিশনারসহ আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও তিনি বাংলাদেশের অবস্থান ও বিভিন্ন অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। বাংলাদেশ শান্তিময় ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগকে সমর্থন করে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া সফরের বিভিন্ন বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ও বৈঠকের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি নিউইয়র্ক সফরের সামগ্রিক বিষয় এবং সফর থেকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দিক সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18550 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 10:35:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh