• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ১০৫তম

গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ১০৫তম

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০
  • ১৩

---

ইবি রিপোর্ট

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬-এর বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৫তম। ১৩৯টি অর্থনীতির এই সূচকে বাংলাদেশের স্কোর ২১ দশমিক ৫। দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে সর্বশেষ অবস্থানে। একই সময়ে নেপাল এক ধাপ এগিয়ে ১০৪তম অবস্থানে উঠে এসেছে।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের ১৯তম সংস্করণ প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনের শিরোনাম ‘পাওয়ারিং এন্টারপ্রেনারস অ্যাট দ্য ফ্রন্টিয়ার অব সায়েন্স’।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত। দেশটির স্কোর ৪০ দশমিক ১ এবং বৈশ্বিক অবস্থান ৩৮তম। তালিকায় এরপর রয়েছে ভুটান ৭৪তম, শ্রীলঙ্কা ৯৪তম, পাকিস্তান ৯৫তম এবং নেপাল ১০৪তম।

প্রতিবেদনের বিভিন্ন সূচক বিশ্লেষণে দেখা যায়, উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় ইনপুটের তুলনায় আউটপুটে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। ইনোভেশন আউটপুটে বাংলাদেশের অবস্থান ৯২তম। বিপরীতে ইনোভেশন ইনপুটে বাংলাদেশের অবস্থান ১১৫তম।

ইনোভেশন ইনপুটের পাঁচটি স্তম্ভের মধ্যে অবকাঠামোয় বাংলাদেশ রয়েছে ৮৪তম অবস্থানে। বাজার সক্ষমতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৯৮তম। তবে মানবসম্পদ ও গবেষণায় দেশটির অবস্থান ১২৭তম। ব্যবসায়িক সক্ষমতায় ১২৫তম এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, ইনোভেশন আউটপুটের দুটি স্তম্ভেও বাংলাদেশের অবস্থান খুব ওপরে নয়। জ্ঞান ও প্রযুক্তি উৎপাদনে বাংলাদেশের অবস্থান ৯৫তম। সৃজনশীল উৎপাদনের ক্ষেত্রে দেশটি রয়েছে ৮৭তম অবস্থানে।

উদ্ভাবন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ভিত্তি তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন জ্ঞান হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, উদ্ভাবনে এগোতে হলে বাংলাদেশকে আগে জ্ঞান, মানবসম্পদ, অবকাঠামো, জ্বালানি, প্রতিষ্ঠান ও প্রণোদনাসহ প্রয়োজনীয় ভিত্তি তৈরি করতে হবে।

তার মতে, শুরুতেই নতুন উদ্ভাবন তৈরির দিকে না গিয়ে অন্য দেশের উদ্ভাবন স্থানীয় প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেওয়ার দিকে গুরুত্ব দেওয়া যেতে পারে।

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬-এর শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দেশটির স্কোর ৬৬ দশমিক ৭। তালিকায় এরপর রয়েছে সুইডেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। ৫৭ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে চীন


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18536 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 09:36:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh