• হোম > দেশজুড়ে > মিরপুর-১০ এ হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর

মিরপুর-১০ এ হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৬
  • ১১

---

 

ইবি রিপোর্ট

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তত তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ভাঙচুর করা হয়েছে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর সময় প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে হকার ও ব্যবসায়ীদের কয়েকজন সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সময় পুলিশের একটি গাড়ি এবং উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকুতেও ভাঙচুর চালানো হয়।

ঘটনার সময় তথ্য ও ছবি সংগ্রহ করতে ঘটনাস্থলে যাওয়া সংবাদকর্মীদের সঙ্গেও কয়েকজন হকারের বাকবিতণ্ডা হয়। পরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীকে হেনস্তা করা এবং তাদের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনার পর মিরপুর-১০ নম্বর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব হোসেন।

তিনি জানান, মিরপুর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18524 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 09:36:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh