
ইবি রিপোর্ট
দেশের বাজারে টানা তিন দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম সমন্বয়ের তথ্য জানিয়েছে বাজুস।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
বাজুসের নতুন সিদ্ধান্তে শুধু সোনার দাম পরিবর্তন করা হয়েছে। রুপার দরে কোনো পরিবর্তন আনা হয়নি।
বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৪১ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারিত রয়েছে।
এর আগে দেশের বাজারে টানা তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল। এরপর স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আবারও মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী বুধবার সকাল থেকেই দেশের বাজারে সোনা বিক্রি শুরু হয়েছে।