• হোম > জাতীয় | দেশজুড়ে | পুঁজিবাজার > ৫০০ কোটি টাকা সংগ্রহে বন্ড ছাড়বে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৫০০ কোটি টাকা সংগ্রহে বন্ড ছাড়বে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১
  • ৮

---

ইবি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। ‘এআইবিএলপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড’ নামে প্রস্তাবিত এই বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩১তম কমিশন সভায় বন্ডটি অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, প্রস্তাবিত বন্ডটির মেয়াদ হবে সাত বছর। মেয়াদ শেষ হলে বন্ডটি সম্পূর্ণভাবে অবসায়িত করা হবে। বন্ডটির কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য হবে না। এটি হবে আনসিকিউরড বন্ড, অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত থাকবে না।

বন্ডটির কুপন রেট বা সুদের হার নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। নির্ধারিত কাঠামো অনুযায়ী, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণির যোগ্য বিনিয়োগকারীর মধ্যে বরাদ্দ করা হবে।

প্রাইভেট প্লেসমেন্টের আওতায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা বন্ডটিতে বিনিয়োগের সুযোগ পাবেন। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির মূলধন কাঠামো শক্তিশালী করতে ব্যবহার করা হবে। বিশেষ করে, ব্যাংকটি বাসেল-৩ কাঠামোর আওতায় তার টিয়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এই অর্থ ব্যবহার করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এদিকে, অনুমোদিত বন্ডটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করা হবে। এর মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বন্ডটি পুঁজিবাজারের মূল বোর্ডে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18518 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 09:36:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh