
ইবি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি সবুজ অর্থায়ন বাড়াতে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করবে। তিন বছর মেয়াদি এই বন্ডটি হবে জিরো-কুপন। অর্থাৎ বন্ডটির সঙ্গে কোনো কুপন থাকবে না এবং সরাসরি কোনো সুদও দেওয়া হবে না। এটি অভিহিত মূল্যের চেয়ে কম দামে বা ডিসকাউন্টে ইস্যু করা হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত গ্রিন বন্ডের মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষে বন্ডটির পুরো অর্থ পরিশোধ করে অবসায়ন করা হবে। বন্ডটির কোনো অংশ শেয়ারে রূপান্তরের সুযোগ থাকবে না। এটি হবে আনসিকিউরড বন্ড, অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত রাখা হবে না।
বন্ডটির সম্ভাব্য ডিসকাউন্টের হার নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ। নির্ধারিত কাঠামো অনুযায়ী, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণির যোগ্য বিনিয়োগকারীদের কাছে বরাদ্দ করা হবে।
এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা বন্ডটিতে বিনিয়োগের সুযোগ পাবেন। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ যোগ্য গ্রাহকদের সবুজ অর্থায়নে ব্যবহার করা হবে। এর মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী সুদে সবুজ অর্থায়নের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। আর বন্ডটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট পিএলসি।
এদিকে, প্রস্তাবিত গ্রিন বন্ডটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করা হবে। এর ফলে অনুমোদিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বন্ডটি পুঁজিবাজারে লেনদেনের আওতায় আসার সুযোগ তৈরি হবে।