• হোম > অর্থনীতি | ব্যাংক > আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৭৫ শতাংশ

আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৭৫ শতাংশ

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০
  • ২৪

---

 

ইবি রিপোর্ট

চলতি ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি আরও বেড়েছে। আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ, যা এর আগের মাস জুলাইয়ে ছিল ৪ দশমিক ৬২ শতাংশ।

দেশে বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক হিসেবে বিবেচিত বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি দীর্ঘদিন ধরে কমছিল। তবে গত দুই মাসের তথ্য বলছে, সেই নিম্নমুখী প্রবণতা কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

গত ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছিল। এটি ছিল এ যাবৎকালের সর্বনিম্ন প্রবৃদ্ধি।

ঋণ প্রবৃদ্ধির হালনাগাদ তথ্য জানিয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বেসরকারি খাতে ঋণ ছাড় বাড়তে শুরু করেছে।

তিনি জানান, জুলাইয়ের পর আগস্টেও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার বেড়েছে। জুলাইয়ে যেখানে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৬২ শতাংশ, আগস্টে তা বেড়ে ৪ দশমিক ৭৫ শতাংশে উঠেছে।

আগামী মাসগুলোতেও এই বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা।

অর্থনীতিকে সক্রিয় করা এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করতে সরকার যে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, সেটির বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

এর ফলে আগামী মাসগুলোতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ আরও বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন তিনি।

আরিফ হোসেন খান বলেন, সুদহার কমে গেছে এবং ব্যাংকগুলোতেও তারল্যের সমস্যা নেই। ফলে পরবর্তী মাসগুলোতে ঋণ বৃদ্ধির তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে ঘোষিত মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক আশা করেছিল, ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রায় সাড়ে ৫ শতাংশে থাকবে।

তবে বাস্তবে জুনে ঋণ প্রবৃদ্ধি ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে আসে। প্রত্যাশিত প্রবৃদ্ধির তুলনায় এটি ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট কম ছিল।

এর আগে চলতি ঋণ প্রবাহের নিম্নমুখী ধারার মধ্যে গত মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ।

এই পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক গত জুনে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করে।

বর্তমান মুদ্রানীতিতে আগামী ডিসেম্বরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৮ শতাংশ।

কোভিড-১৯ মহামারির পর অর্থনীতি পুনর্গঠনের বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দুই বছর বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ছিল।

পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম বেড়ে গেলে এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারে টাকার মান কমে যায় এবং দুই বছরের মধ্যে ডলারের দর বেড়ে ১২১ টাকায় পৌঁছে।

কোভিডের পর আমদানি বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ তৈরি হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামাল দিতে আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক কয়েক মাসের মধ্যে নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করে। এর ফলে কয়েক মাসের মধ্যে মূল্যস্ফীতি কমতে শুরু করলেও একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবাহের গতিও কমে যায়।

ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতি সচল করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মে মাসে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার ঋণ প্যাকেজ ঘোষণা করে।

এই প্যাকেজের আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে থাকা অতিরিক্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের কথা বলা হয়।

তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি হয়।

গত ২১ জুলাই দেশে আমদানি করা এলএনজি বা রূপান্তরিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহকারী দুটি ভাসমান টার্মিনালের একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।

এর ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে রাজধানীতেও লোডশেডিং করতে হয়। একই সঙ্গে শিল্প উৎপাদনেও এর প্রভাব পড়ে এবং বিভিন্ন কারখানায় উৎপাদন কমে যায়।

এমন পরিস্থিতির মধ্যেও জুলাইয়ে বেসরকারি খাতের ঋণ প্রবাহ আগের মাসের তুলনায় কিছুটা বাড়ে। এরপর আগস্টেও ঋণ প্রবৃদ্ধি আরও বেড়ে ৪ দশমিক ৭৫ শতাংশে পৌঁছেছে।

ফলে দীর্ঘ সময় নিম্নমুখী থাকার পর বেসরকারি খাতের ঋণ প্রবাহে টানা দুই মাসের প্রবৃদ্ধি অর্থনীতিতে ঋণের চাহিদা ও সরবরাহ—দুই দিকেই কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18508 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 09:35:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh