
ইবি রিপোর্ট
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও বিএনপি নেতা আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে বারেক প্রধানের লোকজন রবি সরকারের অনুসারীদের ওপর হামলা চালায়। পরে রবি সরকারের পক্ষের লোকজন পাল্টা হামলা চালাতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষের সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভোরে নলচর গ্রামে রবিউল্লাহ রবি ও বারেক প্রধানের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষই ইট-পাথর নিক্ষেপ করেছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
সংঘর্ষের ঘটনায় আহতদের বিষয়ে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।