• হোম > জাতীয় | বাংলাদেশ > গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯
  • ১২

---

 

ইবি রিপোর্ট

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বিশ্বাস করে এবং এ স্বাধীনতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপতথ্য ও গুজব বন্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এর অর্থ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়। গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখেই অপতথ্য ও গুজব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের আইনের আওতায় আনার ক্ষেত্রে আদালতের অনুমতির যে প্রস্তাব সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, কেউ কেউ অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করেন। তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আলোচনায় সাংবাদিকদের ওয়েজবোর্ডের বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার কাজ করছে। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকদের একটি বেতন কাঠামোর আওতায় আনা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

ইয়াসের খান চৌধুরী জানান, টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে কাজ চলছে এবং দ্রুততম সময়ে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সরকারের আন্তরিকতার কথাও জানান তিনি।

ওয়েজবোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে শ্রম মন্ত্রণালয় দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে সরকারি পর্যায়ে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে।

এর আগে ২৮ সেপ্টেম্বর সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া নিয়ে আয়োজিত এক পরামর্শ সভাতেও ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন।

সেখানে সাংবাদিক ও গণমাধ্যমের সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ এবং প্রকৃত সাংবাদিকদের অধিকার ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18425 ,   Print Date & Time: Tuesday, 29 September 2026, 10:51:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh