• হোম > অর্থনীতি | পুঁজিবাজার > মশিহর সিকিউরিটিজের ১৫ বিনিয়োগকারী পেলেন পাওনার চেক

মশিহর সিকিউরিটিজের ১৫ বিনিয়োগকারী পেলেন পাওনার চেক

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩
  • ৭

---

ইবি রিপোর্ট

মশিহর সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত পাওনা অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ডিএসই ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে এ অর্থ পরিশোধ করা হচ্ছে।

২১ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির অর্থ এই প্রক্রিয়ার আওতায় দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ১৫ জন বিনিয়োগকারীর হাতে চেক তুলে দেওয়া হয়।

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনিয়োগকারীদের মধ্যে চেক বিতরণ করেন। ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক সিএফএ, হোসাইন সাদাত, এফসিএস, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্যরা, আইপিএফ ফান্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরীন বেগম, ডিএসই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ডিবিএর পরিচালনা পর্ষদের সদস্য, ডিএসইর সিনিয়র সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব যাচাইকৃত বিনিয়োগকারীর প্রাপ্য অর্থ পরিশোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোর ব্যাক-অফিস ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও সুরক্ষিত করা প্রয়োজন। একই সঙ্গে রিয়েল-টাইম মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যাংক ও সিসি অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের অর্থের অবস্থান নিয়মিত পর্যবেক্ষণের কথাও জানান তিনি।

মাসুদ খান বলেন, এই অর্থ পরিশোধ কোনো একক প্রতিষ্ঠানের উদ্যোগ নয়। বিএসইসি, ডিএসই, ইনভেস্টর প্রটেকশন ফান্ডসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমটি শুরু হয়েছে।

এর আগে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, যাচাইকৃত পাওনা পরিশোধের কার্যক্রম শুরু হওয়া ডিএসই ও দেশের পুঁজিবাজারের জন্য একটি মাইলফলক। তিনি জানান, পর্যায়ক্রমে ১৭,৩০০ জনেরও বেশি যাচাইকৃত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে আইপিএফ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। যাদের সম্পূর্ণ পাওনা এই ধাপে পরিশোধ করা সম্ভব হবে না, তাদের অবশিষ্ট অর্থ আইনানুগ প্রক্রিয়ায় পরিশোধের চেষ্টা করবে ডিএসই।

বিএসইসি কমিশনার নাফিজ আল তারিক বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রতিটি সংস্কার ও সিদ্ধান্তে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে। কমিশনার হোসেইন শাদাত বলেন, অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিকার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

আইপিএফ চেয়ারম্যান নাসরিন বেগম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং পুঁজিবাজারে আস্থা বজায় রাখা তাদের অন্যতম দায়িত্ব। ডিএসই শেয়ারহোল্ডার মিনহাজ মান্নান ইমন বলেন, দীর্ঘদিন পর অর্থ ফেরতের উদ্যোগ বিনিয়োগকারীদের জন্য স্বস্তির বার্তা।

উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ইনভেস্টরস প্রটেকশন ফান্ড) রেগুলেশনস, ২০১৪-এর ১৬ (৭) অনুযায়ী মশিহর সিকিউরিটিজ লিমিটেডের মোট ৯,৩৮৬ জন বিনিয়োগকারীর দাবির বিপরীতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত মোট ৪২ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করবে ডিএসই।

পর্যায়ক্রমে একই আইনের আওতায় বাঙ্কো সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেড এবং মশিহর সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির অর্থও ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের অগ্রগতি ও সময়সূচি সম্পর্কে বিনিয়োগকারীদের নিয়মিত এসএমএসের মাধ্যমে জানাবে ডিএসই।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18391 ,   Print Date & Time: Tuesday, 29 September 2026, 08:50:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh