• হোম > রাজনীতি > নৈরাজ্য ও দখলবাজির অভিযোগে দেশব্যাপী প্রতিবাদ করবে এনসিপি

নৈরাজ্য ও দখলবাজির অভিযোগে দেশব্যাপী প্রতিবাদ করবে এনসিপি

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩
  • ১০

---

 

ইবি রিপোর্ট

দেশজুড়ে নৈরাজ্য ও দখলবাজির অভিযোগে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব ইস্যুতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন এবং সাংবিধানিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে গণভোটের গণরায় অগ্রাহ্য করে সংবিধান সংশোধন কমিটি গঠনেরও সমালোচনা করা হয়। এনসিপির পক্ষ থেকে বলা হয়, একদলীয় এই কমিটি গঠনের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিরোধী দলের সঙ্গে সম্পর্কের ফাটল তৈরি করেছে। দলটির মতে, এ কমিটির কোনো গণবৈধতা নেই।

সংবিধান সংস্কার নিয়ে এনসিপির এ অবস্থানের কথা সাম্প্রতিক সময়েও দলটির নেতারা জানিয়েছেন। দলটি নিয়মিত সাংবিধানিক সংস্কার কাউন্সিল আহ্বান করে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে দলের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব জেলায় জেলা কমিটি গঠনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে ২৩ সদস্যের একটি সাংগঠনিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এতে প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন সারজিস আলম। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে উপ-প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের সিদ্ধান্তও হয়েছে।

এসব কর্মশালার দায়িত্বে থাকবেন সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত।

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। সাম্প্রতিক বৈঠক-পরবর্তী বক্তব্যে নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবিধানিক সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলের অবস্থান তুলে ধরেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18357 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 02:45:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh