• হোম > অর্থনীতি | জাতীয় | বাংলাদেশ > বিদেশি এয়ারলাইনের টিকিটে আন্তর্জাতিক কার্ড ব্যবহারে সুবিধা

বিদেশি এয়ারলাইনের টিকিটে আন্তর্জাতিক কার্ড ব্যবহারে সুবিধা

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬
  • ১১

---

ইবি রিপোর্ট

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনের টিকিট কিনতে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব এয়ারলাইনের টিকিটের বিক্রয়মূল্য তাদের বাংলাদেশে থাকা অনুমোদিত ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি না হয়ে বিদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক পেমেন্ট ও অধিগ্রহণ ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি হলেও আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনা যাবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকেরা বৈধ ভিসা থাকা সাপেক্ষে বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে পরিচালিত এয়ারলাইনের টিকিট আন্তর্জাতিক কার্ডে কিনতে পারবেন।

এর আগে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশে কার্যরত এয়ারলাইনের টিকিট কেনার অনুমতি দেওয়া হয়েছিল। তবে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে কার্যরত অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকার শর্ত ছিল। নতুন নির্দেশনায় বিদেশি এয়ারলাইনের ক্ষেত্রে সেই নিষ্পত্তির পরিধি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশি এয়ারলাইনের টিকিট বিক্রির অর্থ তাদের নিজস্ব আন্তর্জাতিক অধিগ্রহণ ও পেমেন্ট নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের বাইরে নিষ্পত্তি হলেও আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার সুযোগ থাকবে। এ ধরনের লেনদেন শনাক্ত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট এয়ারলাইনের নির্ধারিত মার্চেন্ট ক্যাটাগরি কোড বা এমসিসি ব্যবহার করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এই সুবিধা ভ্রমণ ব্যয়ের জন্য প্রযোজ্য নির্ধারিত সীমার বাইরে থাকবে। ফলে যোগ্য টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর ওই টিকিট কিনতে আন্তর্জাতিক কার্ডে যত অর্থ ব্যবহার হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংক তত অর্থ পর্যন্ত কার্ডে পুনরায় জমা বা ব্যবহারের সুযোগ দিতে পারবে। তবে এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতায় প্রয়োজনীয় লেনদেনের ব্যবস্থা থাকতে হবে।

তবে এই সুবিধা বাংলাদেশি এয়ারলাইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বাংলাদেশি কোনো এয়ারলাইনের বাংলাদেশ থেকে বিদেশের গন্তব্যে যাওয়ার টিকিট বিক্রির অর্থ বিদেশে থাকা অধিগ্রহণ ও পেমেন্ট নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করা যাবে না। এ ধরনের টিকিট বিক্রির অর্থ আগের মতোই স্থানীয়ভাবে সংগ্রহ ও নিষ্পত্তির প্রযোজ্য বিধানের আওতায় থাকবে।

বিদেশি এয়ারলাইনের টিকিটের অর্থ বিদেশে নিষ্পত্তি হলে সেই অর্থ সংশ্লিষ্ট এয়ারলাইনের প্রেরণযোগ্য উদ্বৃত্ত আয়ের সঙ্গে হিসাব করে সমন্বয় করতে হবে। পাশাপাশি এ সুবিধার আওতায় টিকিট কেনার তথ্য নির্ধারিত নিয়মে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। এ জন্য নিয়মিত প্রতিবেদনের পাশাপাশি টিএম মডিউলের মাধ্যমেও তথ্য দেওয়ার নির্দেশনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় এয়ারলাইনের টিকিট কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগের পরিধি বাড়ল। একই সঙ্গে বিদেশি ও দেশীয় এয়ারলাইনের টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির ক্ষেত্রে আলাদা ব্যবস্থা বহাল রাখা হয়েছে। ফলে আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনের টিকিট কেনার ক্ষেত্রে নতুন সুবিধা চালু হলেও বিদ্যমান অন্যান্য বিধান অপরিবর্তিত থাকছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18351 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 02:19:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh