
ইবি রিপোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
এর মধ্যে জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকস খাত বিশেষ গুরুত্ব পায়। এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE-এর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব ও জনশক্তিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর আলোচনা হয়।
সোমবারের বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং বিভিন্ন অর্থনৈতিক ও অবকাঠামোগত খাতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।