
ইবি রিপোর্ট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়োগপত্র পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগবঞ্চিত ৮১৭ জন রয়েছেন। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়োগ পাবেন না, তাদের বিষয়ও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে প্রার্থীদের যাচাই-বাছাই করা হচ্ছে। ডিপিও (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) নিয়োগপত্র ইস্যু করেন। এ সময় অনেকের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি ছিল। পাশাপাশি কিছু প্রার্থী ঠিকানা পরিবর্তন করায় তাদের তথ্যও হালনাগাদ করতে হয়েছে।
তিনি বলেন, প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও ঠিকানা পর্যায়ক্রমে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাদের ভেরিফিকেশন এখনো সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলোও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, নিয়োগপ্রক্রিয়ার অসম্পন্ন বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং আগামী ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর মধ্যে যাদের সব যাচাই-বাছাই সম্পন্ন হবে, তাদের নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা প্রার্থীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অংশ হিসেবেই এই কার্যক্রম চলছে বলে জানান তিনি।