• হোম > অর্থনীতি | বাংলাদেশ | ব্যাংক > লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত, বন্ধে বিটিআরসিকে চিঠি

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত, বন্ধে বিটিআরসিকে চিঠি

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২
  • ১৩

---

 

ইবি রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বিষয়টি জানিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ থেকে বিটিআরসিকে পাঠানো চিঠিতে লাইসেন্সবিহীন এসব অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এসব প্ল্যাটফর্মের ওয়েবসাইট বন্ধের পাশাপাশি গুগল প্লে স্টোরে থাকা সংশ্লিষ্ট অ্যাপ সরিয়ে নেওয়া এবং কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে লাইসেন্সবিহীন পেমেন্ট সেবা পরিচালনার বিষয়টি শনাক্ত করেছে।

বাংলাদেশ ব্যাংকের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা প্রদান করা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, লাইসেন্স বা অনুমোদন ছাড়া পরিচালিত এসব প্ল্যাটফর্মের কার্যক্রমে যুক্ত হওয়া কিংবা এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করা গ্রাহকদের জন্য আর্থিক ও আইনি ঝুঁকি তৈরি করতে পারে।

এ ধরনের প্ল্যাটফর্মে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের অর্থের নিরাপত্তা, লেনদেনের বৈধতা এবং ভবিষ্যতে অর্থ ফেরত পাওয়ার বিষয়েও ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন এসব অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে অনলাইন লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে অননুমোদিত পেমেন্ট সেবার ঝুঁকিও বাড়ছে। তাই গ্রাহকদের সচেতনভাবে আর্থিক লেনদেন করার পাশাপাশি অনুমোদিত ও বৈধ পেমেন্ট সেবা ব্যবহার করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18303 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 08:25:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh