
ইবি রিপোর্ট
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য এবং কর, ভ্যাট ও শুল্ক পরিশোধের হালনাগাদ অবস্থা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ লক্ষ্যে রিহ্যাবের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি চেয়েছে মন্ত্রণালয়। এসব তথ্য ও প্রয়োজনীয় নথি আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, রিহ্যাবের ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সব সদস্যের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাই করা হবে। একই সঙ্গে তাদের কর, ভ্যাট ও শুল্ক পরিশোধের সর্বশেষ অবস্থা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য কার্যনির্বাহী পরিষদের সদস্যদের তালিকার পাশাপাশি প্রত্যেক সদস্যের টিআইএন ও এনআইডির কপি নির্ধারিত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এসব তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট সদস্যদের আর্থিক ও রাজস্ব-সংক্রান্ত তথ্য যাচাই করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে রিহ্যাবের বর্তমান নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ঋণখেলাপি পরিস্থিতি এবং সরকারি রাজস্ব পরিশোধের বিষয়টি আরও বিস্তারিতভাবে পর্যালোচনার আওতায় আসবে।
চিঠির অনুলিপি অবগতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব এবং মহাপরিচালকের (বাণিজ্য সংগঠন) কার্যালয়েও পাঠানো হয়েছে।
রিহ্যাব দেশের আবাসন ও রিয়েল এস্টেট খাতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠন। সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আর্থিক ও রাজস্ব-সংক্রান্ত তথ্য যাচাইয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগকে সংগঠনের প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।