
ইবি রিপোর্ট
ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান উৎস মধ্যপ্রাচ্যে ক্ষয়ক্ষতি হওয়ায় দেশে জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিকল্প উৎস খুঁজে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেল ও গ্যাস সরবরাহে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রভাব বিশ্বের বিভিন্ন জায়গায় পড়েছে। এর মধ্যে দেশে বিকল্প উৎস খুঁজে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যে সাময়িক অবস্থা হয়েছিল, সেটি পৃথিবীর সব জায়গায় হয়েছে। তারপরও জনগণ যে কষ্ট করেছে, সেজন্য আমরা দুঃখিত—কারণ জনগণ আস্থা রেখে আমাদের ভোট দিয়েছিল। কিন্তু যোগান ও দুর্ঘটনার জন্য দেরি হয়েছে।’
তিনি জানান, জ্বালানি কেনার পরও একটি দুর্ঘটনার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি। এফএআরইউতে আগুন লাগার ঘটনাকেও এ ক্ষেত্রে একটি বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। তবে এসব দুর্যোগ কাটিয়ে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘আবার এফএআরইউতে আগুন লাগার কারণে কেনা সত্ত্বেও আনা যায়নি। সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে।’
মন্ত্রী বলেন, এখন জ্বালানি দেশে আনা সম্ভব হয়েছে এবং এর শিডিউলও নির্ধারণ করা হয়েছে। ফলে সামনে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এখন জ্বালানি আনতে পেরেছি, শিডিউলও ঠিক করা হয়েছে। আশা করি, আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করতে পারব।’
সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে জনগণের যে ক্ষতি ও ভোগান্তি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি।
তিনি বলেন, ‘সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত। সরকার এটি ইচ্ছা করে করেনি।’
জনগণের ভোগান্তি কমাতে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। প্রয়োজনে বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামনে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘যদি কোনো কিছু না হয়, সামনের দিনগুলো আমরা ভালোভাবে চালাতে পারব।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে গুরুত্ব দেওয়ায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে টিমওয়ার্কের মাধ্যমে জ্বালানি সরবরাহ পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে বলে জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে হাত দিয়েছেন বলেই তাড়াতাড়ি সমাধান সম্ভব হয়েছে। টিম ওয়ার্ক করেছে।’
জনগণ যাতে আর কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কাজ করার কথাও তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, ‘আমি বলে কিছু নাই, প্রধানমন্ত্রী নিজে কাজ করেছে বলে এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণ যেন ভোগান্তিতে না থাকে, সেই ব্যাপারে সচেষ্ট আছি।’