• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > রিটার্ন দাখিলে ৫ শতাংশ প্রণোদনা, হাতে সময় আর চার দিন

রিটার্ন দাখিলে ৫ শতাংশ প্রণোদনা, হাতে সময় আর চার দিন

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩২
  • ১০

---

ইবি রিপোর্ট

চলতি ২০২৬-২০২৭ করবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে বিশেষ সুবিধা পাবেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী, সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে শর্তসাপেক্ষে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যাবে। তবে এই সুবিধার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। ফলে সুবিধাটি পেতে করদাতাদের হাতে সময় রয়েছে আর মাত্র চার দিন।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা মোট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে রিবেট বা প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন।

এই সুবিধার মাধ্যমে করদাতারা তাদের প্রকৃত করের তুলনায় কিছুটা কম অর্থ পরিশোধের সুযোগ পাবেন। তবে প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত সময় ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

এনবিআরের নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী ব্যক্তিশ্রেণির করদাতারা নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন। তবে একজন করদাতা এই সুবিধার আওতায় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় নিতে পারবেন।

শুধু চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলেই এ প্রণোদনা কার্যকর হবে।

বিলম্ব করলে কী হবে

সেপ্টেম্বর মাসের পর আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা এই বিশেষ প্রণোদনা আর পাবেন না। এছাড়া ডিসেম্বর মাসের পর রিটার্ন জমা দিলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী বিলম্বের জন্য অতিরিক্ত কর বা জরিমানাও দিতে হবে।

এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা আর্থিক সুবিধা পাওয়ার পাশাপাশি অতিরিক্ত কর বা জরিমানার ঝুঁকি এড়াতে পারবেন।

করসেবা সহজ করতে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআরের ওয়েবসাইটে গিয়ে করদাতারা তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও জমা দিতে পারবেন।

অনলাইনে কর পরিশোধের জন্য ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহারের সুযোগ রয়েছে। ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে কল সেন্টারের (০৯৬৪৩৭১৭১৭১) মাধ্যমে সহায়তা পাওয়া যাবে।

সদ্য শেষ হওয়া ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেন। নতুন করবর্ষে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দেওয়া যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18248 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 11:51:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh