• হোম > জাতীয় | বাংলাদেশ > সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৩

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩
  • ১২

---

 

ইবি রিপোর্ট

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

তবে পুলিশের প্রাথমিক ধারণা, চাঁদা দাবির বিষয় নয়, জমি দখলকে কেন্দ্র করেই রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনা ঘটেছে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা স্টুডিওতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে। এ সময় স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি সেখানে ব্যাপক ভাঙচুর চালায়।

ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইজনকে ছোরাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য হলো, প্রাথমিকভাবে ঘটনাটিকে জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত হামলা হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। হামলার খবর পাওয়ার পর তিনি বিমানে করে ঢাকায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ফেসবুক লাইভে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি।

ফেসবুক লাইভে সালমান মুক্তাদির দাবি করেন, হামলায় তার দীর্ঘদিনের স্বপ্ন ও সৃজনশীল কাজের জায়গাটি ধ্বংস হয়ে গেছে। তবে এ ঘটনায় তিনি থেমে যাবেন না বলেও জানান।

স্টুডিওর এক কর্মকর্তা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, পরিস্থিতি আশঙ্কাজনক দেখে স্টুডিওতে থাকা কর্মকর্তারা টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। পরে হামলাকারীরা সেখানে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়।

তিনি আরও জানান, স্টুডিওতে থাকা বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতিও হামলাকারীরা নিয়ে গেছে। তবে হামলার সময় স্টুডিওতে থাকা কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার পেছনের কারণ এবং সংশ্লিষ্টদের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18242 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 11:51:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh