• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > এইমস বাংলাদেশের চেয়ারম্যান মনজুরুল হকের ইন্তেকাল

এইমস বাংলাদেশের চেয়ারম্যান মনজুরুল হকের ইন্তেকাল

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭
  • ১২

---

ইবি রিপোর্ট

এইমস অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও প্রখ্যাত মার্কেট রিসার্চার বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তাঁর মৃত্যুতে এইমস অব বাংলাদেশ লিমিটেড ও ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড (ওর্কোয়েস্ট)-এর পরিচালনা পর্ষদে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীরাও শোক প্রকাশ করেছেন।

মনজুরুল হক ২০০১ সাল থেকে এইমস অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ২৫ বছর তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন। কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালকদের দীর্ঘদিনের আস্থা এবং শ্রদ্ধার প্রতিফলন হিসেবে তাঁর এই দীর্ঘ দায়িত্বকালকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই দিনে তাঁর জন্মস্থান বগুড়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে বগুড়ার নামাজগড় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মনজুরুল হক একই সঙ্গে ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড (ওর্কোয়েস্ট)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটি যৌথ উদ্যোগভিত্তিক জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।

শিক্ষাজীবনে মনজুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি নেন।

এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালটেন্টসের সার্টিফাইড ম্যানেজমেন্ট কনসালটেন্ট (সিএমসি) ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18236 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 12:36:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh