• হোম > দেশজুড়ে > জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭
  • ১৪

---

 

ইবি রিপোর্ট

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৮৯ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এখনো যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত প্রায় ২৪৯ জনকে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায়নি।’

এর আগে শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৮৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যও ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং সেখানে বৈঠক চলার তথ্যও পুলিশের কাছে আসে বলে জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযান চালানোর সময় কার্যালয়ে অবস্থানরত ব্যক্তিদের আটক করে যাচাই-বাছাই করা হয়। পরে যাদের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তাদের পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে।

এদিকে, শনিবার দুপুর থেকেই জাসদ কার্যালয় ঘিরে অবস্থান নেন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ ছিল, কার্যালয়ের ভেতরে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এ সময় কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাবে না, তাদের ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে, সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/18225 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 04:22:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh